অভিষেকেই বেলের গোল তবু রিয়ালের ড্র
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩১
অভিষেকেই রিয়াল মাদ্রিদের হয়ে গোল পেলেন বিশ্বের সবচাইতে দামি ফুটবলার গ্যারেথ বেল। তাতে অবশ্য ভিলারিয়ালের বিরুদ্ধে জয়ের পরিবর্তে ২-২ গোলের ড্রয়ে বাধ্য হলো মাদ্রিদের ক্লাবটি। গত শনিবার রাতে চলতি লা লিগায় প্রথম কোন খেলায় তিন পয়েন্ট পেতে ব্যর্থ হলে স্পানিশ লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে গড়িয়ে যায় রিয়াল। অপরদিকে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ টানা চার খেলায় জিতে শীর্ষে থাকলো।
বার্সেলোনা নিজেদের মাঠে ইনজুরি টাইমে অ্যালেক্সিস সানচেজের বিতর্কিত গোলে সেভিয়ার বিরুদ্ধে ৩-২ গোলের নাটকীয় জয় পায়। অ্যাতলেটিকোর ৪-২ গোলের জয়টিও ছিল নিজেদের মাঠে পাওয়া। বিপক্ষ ছিল অ্যালমেরিয়া।
বেলের গোলটি অবশ্য গতকাল রবিবার স্পেনের পত্রিকাগুলোয় ব্যাপক প্রচার পায়। কোচ কার্লো অ্যানচেলোত্তি জানিয়েছেন বিশ্বের দামি খেলোয়াড়টির অবদানে তিনি ‘আনন্দিত’। ওয়েলশ খেলোয়াড়টির ৩৮ মিনিটের গোলে রিয়াল ১-১ গোলে সমতা ফেরায়। এর আগে রুবেন ক্যানি তৃতীয় স্থানে থাকা ভিলারিয়ালকে এগিয়ে দিয়েছিলেন। এক ঘন্টা পর বেলকে তুলে অ্যাঞ্জেল ডি মারিয়াকে নামানো হলো পাদপ্রদীপের আলোয় উঠে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। বেলের আগে পর্তুগীজ খেলোয়াড়টিই ছিলেন বিশ্বের সবচাইতে দামি ফুটবলার। রোনালদো ৬৪ মিনিটে মাদ্রিদকে এগিয়ে দেন। কিন্তু খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে জিওভানি ডস সান্টোস গোল করলে নিজের মাঠে ড্রয়ে সক্ষম হয় ভিলারিয়াল।
অ্যানচেলোত্তি অবশ্য জানান দেন যে তিনি দলের এ নৈপুণ্যেও সন্তুষ্ট। ইটালিয়ান এই কোচ নিজেদের ওয়েবসাইটে বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটা ম্যাচ। আমি মনে করি না এটাই আমাদের খেলা সবচাইতে বাজে ম্যাচ। তবে এটা ন্যায়সঙ্গত ফল, কেননা ভিলারিয়াল ভাল খেলেছে। তারাও ভাল দল।’
বেল প্রসঙ্গে অ্যানচেলোত্তি বলেন, ‘আমি মনে করি রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল করতে পেরে সে খুশি। কঠিন একটা ম্যাচে খেললেও সে ভাল খেলেছে এবং ভাল মনোভাব দেখিয়েছে।’
বার্সেলোনা ক্যাম্প ন্যুতে শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত ২-২ ব্যবধানে ছিল। কিন্তু অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে চিলিয়ান ফরোয়ার্ড সানচেজের বিতর্কিত গোলে জয় নিশ্চিত করে কাতালানরা। অবশ্য কোক আনদুজারের গোলে তার এক মিনিট আগেই সমতা এনেছিল সেভিয়া। তারপরও অতিথি দলের ডিফেন্ডার ফার্নান্দো নাভারো বলেন, ‘ব্যাপারটা সবাই দেখেছে।
আমরা খুবই ক্ষুব্ধ। আমি এর চাইতে বেশি কিছু বলতে চাই না। কারণ আমি যা বলতে চাই সে জন্য আমাকে সাময়িক নিষিদ্ধ করা হতে পারে।’
শিরোপাধারী বার্সেলোনা অবশ্য ৩৬ মিনিটে দানি আলভেসের গোলে এগিয়ে যায়। লিওনেল মেসি ৭৫ মিনিটের সময় সতীর্থ ব্রাজিলীয়ান নেইমারের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সেভিয়ার একটি গোল বিতর্কিতভাবে বাতিল হয়ে যায়। তাতেও দমে যায়নি অতিথিরা এবং আনদুজারের সমতা ফেরানোর আগে তাদের অধিনায়ক ইভান র্যাকিটিচ ব্যবধান কমাতে সক্ষম হন।
কিন্তু রাত ছিল মেসি ও বার্সেলোনার। তাই আর্জেন্টাইন অধিনায়ক তার পাহারাদারকে কাটিয়ে সানচেজকে বল বাড়ালে তা কাজে লাগিয়ে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান এই চিলিয়ান।