ন্যাটওয়েস্ট সিরিজের ‘ফাইনাল’ আজ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩২
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ন্যাটওয়েস্ট সিরিজের চতুর্থ ওয়ানডেটি নাটকীয়ভাবে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ের ফলে সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। বৃষ্টির কারণে পাঁচ ম্যাচের সিরিজের দুটিই পরিত্যক্ত হয়। তাই আজ সাউদাম্পটনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হতে চলা পঞ্চম ও শেষ ওয়ানডেটি ‘ফাইনাল’-এ রূপ নিয়েছে।
বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে পরের ম্যাচটি অস্ট্রেলিয়া ৮৮ রানে জিতে সিরিজে ১-০ লিড নেয়। তৃতীয় ওয়ানডেটিও বৃষ্টির দাপটে পরিত্যক্ত হয়। তবে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হতাশা উপহার দেয় ইংল্যান্ড। এই ম্যাচে ইয়োইন মরগানের দল ৩ উইকেটে জয় তুলে নেয়। কার্ডিফে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এ পাঠায় ইংল্যান্ড। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২৭ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে জর্জ বেইলির ৮৭ রানের ইনিংসটি ছাড়া তাদের এই সংগ্রহও দুঃসাধ্য হতো।
জবাবে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ইংল্যান্ডের ইনিংসের শুরুতে ক্লিন্ট ম্যাককে পরপর তিন বলে ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন, জনাথন ট্রট ও জো রুটকে আউট করে ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম ও অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চম হ্যাটট্রিক করেন। আর ওয়ানডে ক্রিকেটে এটি ৩৩তম হ্যাটট্রিক। কিন্তু এরপরই মাইকেল কারবেরির ৬৩ ও অধিনায়ক ইয়োইন মরগানের ৫৩ রানের উপর ভর করে খেলায় ফেরে ইংলিশরা। আর ইনিংসের শেষের দিকে জস বাটলারের ৬৫ রানের নান্দনিক এক ইনিংসের উপর ভর করে ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। সমতা ফেরে সিরিজে।
তাই সিরিজের ফলাফল নির্ভর করছে আজকের ম্যাচের উপর। তাই আজকের ম্যাচটি আক্ষরিক অর্থেই ‘ফাইনাল’-এ পরিণত হয়েছে। সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী দু’দলের অধিনায়কই। মরগান বলেন, ‘এমন জয়ে আমাদের আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে। ফলে সিরিজ জয়ের দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে আমাদের। সিরিজ জয়ই প্রধান লক্ষ্য আমাদের।’ মরগানের মত একই সুরে কথা বললেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্কও, ‘এ ম্যাচে নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে সিরিজ জিততে চাই আমরা।’
ইংল্যান্ড স্কোয়াড (সম্ভাব্য):ইয়োইন মরগান (অধিনায়ক), রবি বোপারা, জস বাটলার, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, জেমি ওভারটন, কেভিন পিটারসেন, বয়েড র্যানকিন, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল, জনাথন ট্রট এবং লুক রাইট।
অস্ট্রেলিয়া স্কোয়াড (সম্ভাব্য):মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, ফাওয়াদ আহমেদ, নাথান কালটার-নাইল, জেমস ফকনার, এ্যারোন ফিঞ্চ, জস হ্যাজেলউড, ফিল হিউজ, মিচেল জনসন, শন মার্শ, গে¬ন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাককে, এডাম ভোগস, ম্যাথু ওয়েড এবং শেন ওয়াটসন। —বাসস