বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ শুরু
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা গতকাল রবিবার শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় মেয়েদের ইভেন্টে স্বপ্না, শিল্পি, আদরীর হ্যাটট্রিক ও লিমার ডবল হ্যাটট্রিকে বাগমারা উপজেলার খর্দ্দকৌড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮-০ গোলে পবা উপজেলার দারুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং চারঘাট উপজেলার নন্দনগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে তানোর উপজেলার দুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
ছেলেদের ইভেন্টে পবা উপজেলার বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে বাগমারা উপজেলার খর্দ্দকৌড় বেসরকারি বিদ্যালয়কে, তানোর উপজেলার নবনবী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চারঘাট উপজেলার ঝিকরা সরকারি বিদ্যালয়কে হারায়। পাঁচদিনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক সৈয়দ নাজিম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নাফিসা বেগম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, যুগ্ম-সম্পাদক মোঃ খায়রুল আলম ফরহাদ প্রমুখ।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে গতকাল রবিবার থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় মেয়েদের গ্রুপে সদর উপজেলার চৌরাস্তা প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে সোনাইমুড়ি উপজেলার পশ্চিম বজরা প্রাথমিক বিদ্যালয়কে এবং ছেলেদের খেলায় সদর উপজেলার মিদ্দার হাট প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সোনাইমুড়ী উপজেলার মডেল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী সদরের এমপি একরামুল করিম চৌধুরী। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ছিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি ও জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সামছুদ্দীন জেহান প্রমুখ বক্তব্য রাখেন।