জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
নিবারণ রায়, নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৩
গতকাল রবিবার নরসিংদীর মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় পলাশ উপজেলা দল টাইব্রেকারে ৫-৩ গোলে নরসিংদী সদর উপজেলাকে পরাজিত করে।
পলাশ উপজেলার হয়ে চার আফ্রিকান অংশ নেয়ায় খেলার আকর্ষণ বাড়লেও নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে পলাশ উপজেলা দলের পক্ষে সৌরভ, আফসার, সাফায়েল, ইদ্রিস এবং আলী গোল করেন। অপরদিকে নরসিংদী সদরের পক্ষে তিন সোহেল একটি করে গোল দেন।
আজ সোমবার রায়পুরা উপজেলা ও বেলাব উপজেলা মুখোমুখি হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদোজ্জামান, জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার নাসিমা খানম, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূঁইয়া, ফুটবলার সুভাস সাহা, হাবিবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।