ইতালী-সিরি-এ
নেপোলির জয়ের দিনে ইন্টার ও জুভেন্টাসের ড্র
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৪
গঞ্জালো হিগুইন ও রোসে ক্যালেইয়ন গোলের সুবাদে শনিবার সিরি-এ লীগে ১০ জনের আটলান্টার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে নেপোলি। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রাফায়েল বেনিতেজের দলটি।
এদিন বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস বার বার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়ে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিলানের সঙ্গে।
প্রথমার্ধে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি বেনতেজের শিষ্যরা। তবে ম্যাচের ৭১তম মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা হিগুইন। এর ঠিক পরের মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় আটলান্টা। এর ১০ মিনিট পর স্প্যানিশ স্ট্রাইকার ক্যালেইয়নের করা গোলের সুবাদে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপোলি।
শনিবার রাতে অনুষ্ঠিত আরেক ম্যাচে তুরিনোর কাছে হারতে হারতে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে পেরেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ড্যানিয়ালো ডি’এ্যামব্রুসিওর গোলে লিড পায় তুরিনো। এরপর ৭১তম মিনিটে এ্যালিসিও কেরসি দ্বিতীয় গোলটি করে এসি মিলানের বিপক্ষে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। কিন্তু ম্যাচের ৮৭তম মিনিটে সুলে মানটারির নীচু শটের বল তুরিনোর গোলপোস্টের জাল স্পর্শ করলে শেষ মুহূর্তে লড়াইয়ে ফিরে মিলান। ইনজুরি টাইমে তুরিনোর গোলবক্সে জিওভান্নি প্যাসকুয়েল মিলানের খেলোয়াড় আন্দ্রে পলিকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারী। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আগের ম্যাচে মিলানের জয়ের নায়ক মারিয়ান বালোতেল্লি¬।-বাসস