অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫০
ভারত পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালিয়েছে। এটি পারমাণবিক বোমা বহন করার পাশাপাশি চীনের সর্বউত্তরে আঘাত হানতে সক্ষম হবে। গতকাল রবিবার উড়িষ্যার হুইলার দ্বীপ থেকে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। খবর এনডিটিভির।
গত দুই বছরের মধ্যে এটি অগ্নির দ্বিতীয় পরীক্ষা। এর আগে গত বছর এপ্রিলে প্রথমবারে মতো অগ্নির পরীক্ষামূলক উেক্ষপণ সফল হয়েছিল। অগ্নি-৫ একশ’ কেজি ওজনের পরমাণু অস্ত্র বহন করে পাঁচ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া রেলের বগিতে লুকিয়ে রাখা উেক্ষপণ মঞ্চ থেকেও ছোঁড়া যাবে এ ক্ষেপণাস্ত্র। অগ্নি-৫ প্রায় ১৭ মিটার লম্বা এবং ওজন ৫০ টন। এটাই ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হতে যাচ্ছে। বর্তমানে সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণস্ত্র অগ্নি-৩। এটা তিন হাজার পাঁচশ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে। ভারতের সবচেয়ে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র দিয়ে চীনের রাজধানী বেইজিংসহ প্রায় সমগ্র এশিয়া ও ইউরোপ মহাদেশ এবং আফ্রিকায় পারমাণবিক আঘাত হানা যাবে। ১৯৮৩ সাল থেকে অগ্নি-৫ এর উন্নতি সাধন শুরু হয়। সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির অভিষেকের আগে আরো বেশ কিছু পরীক্ষা চালানো হবে। ২০১৭ সাল নাগাদ এর সর্বশেষ উন্নতি সাধন শেষ হতে পারে।