জামায়াতের আমির সোবহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

জামায়াতের নায়েবে আমির আবদুস সোবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে আজ সোমবার আদেশের জন্য দিন ধার্য করবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগপত্র দাখিলের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ সীমন সাংবাদিকদের জানান, একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত-করণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন আবদুস সোবহান। তদন্ত সাপেক্ষে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে মোট নয়টি অভিযোগ দাখিল করেছে। এর আগে সকালে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে নয়টি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেন। আবদুস সোবহানের বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করেছিলো। গত শনিবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান খান সাংবাদিকদের জানান, সোবহানের বিরুদ্ধে গত বছরের ১৫ এপ্রিল তদন্ত শুরু হয়। প্রায় দেড় বছর ধরে চলা এ তদন্ত শেষ হয় গত ১২ সেপ্টেম্বর। তদন্তকালে মোট ৪৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর আবদুস সোবহানকে একটি মামলায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে গ্রেফতার করে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। ৩০ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলার আটক দেখানো হয়। তদন্ত সূত্রে জানা যায়, সোবহান জামায়াতের পাবনা শাখার প্রতিষ্ঠাতা আমির ছিলেন। সোবহানের নেতৃত্বে পাবনা জেলার বিভিন্ন থানায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয়। আলীমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী বিএনপি নেতা আব্দুল আলীমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন আসামিপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল প্রথমদিনে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আলীমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও অ্যাডভোকেট আহসানুল হক হেনা। এর আগে গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চার কার্যদিবসে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও রানা দাশগুপ্ত। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে আব্দুল আলীমের মামলার বিচারিক প্রক্রিয়া।