বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষটি আর নেই
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১০
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সালুসতিয়ানো স্যানচেজ ব্যাজকুয়েজ ১১২ বছর বয়সে মারা যান। তিনি ছিলেন একজন স্বশিক্ষিতি সঙ্গীতজ্ঞ, কয়লাখনি শ্রমিক এবং তাসের খেলায়ও ছিলেন দক্ষ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জেরন্টলজি বিশেষজ্ঞ রবার্ট ইয়ং জানিয়েছেন, শুক্রবার নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডের একটি নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১২ জুন ১১৬ বছর বয়সে জিরোমন কিমুরার মৃত্যুর পর স্যানচেজ ব্যাজকুয়েজই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ। স্পেনের একটি গ্রামে ১৯০১ সালের ৮ জুন জন্মগ্রহণ করেন ব্যাজকুয়েজ। স্পেনের স্থানীয় বাদ্যযন্ত্র দুলযাইনা বাজানোর দক্ষতার জন্য তিনি পরিচিত হয়ে ওঠেন। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েতে দুলযাইনা বাজাতেন তিনি। ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে এসে কেন্টাকির একটি কয়লা খনিতে কাজ শুরু করেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ একজন নারী। মিসাও ওকাওয়া নামের জাপানি এই নারীর বয়স ১১৫ বছর। - রয়টার্স