আইটি ইনস্টিটিউট স্থাপনে জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৪
বাংলাদেশ এবং জাপানের যৌথ উদ্যোগে ঢাকায় একটি আন্তর্জাতিক মানের আইটি ইনস্টিটিউট স্থাপন করা হবে। সম্প্রতি ড্যাফোডিল গ্রুপের বোর্ড রুমে জাপানি কোম্পানি বাংলাদেশ বিজনেস পার্টনার (বিবিপি)-এর সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ড্যাফোডিল গ্রুপের পক্ষে পরিচালক মো. সাব্বির আহমেদ পলাশ ও বিবিপি অ্যাভাইজারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী উক্ত ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জাপানসহ আন্তর্জাতিক আইসিটি সেক্টরে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, ডিআইইউ’র ট্রেজারার প্রফেসর ড. মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মো. ফখরে হোসেন, ডিইএন-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানসহ ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।