মেক্সিকোয় দুটি ঝড়ে নিহত ১৯

একটি প্রবল ঘূর্ণিঝড় ও একটি শক্তিশালী ক্রান্তিয় ঝড়ের আঘাতে মেক্সিকোয় অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছে। মেক্সিকোর পূর্ব-পশ্চিম দুই উপকূল একসঙ্গে এ দুটি ঝড়ে আক্রান্ত হয়েছে। খবর বিবিসির। ইনগ্রিডের প্রভাবে পূর্ব উপকূলে বন্যা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। অপরদিকে, পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলে ক্রান্তিয় ঝড় ম্যানুয়েলের প্রভাবে দুইদিন ধরে ভারি বৃষ্টিপাত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম উপকূলের জনপ্রিয় সামুদ্রিক অবকাশ কেন্দ্র আকাপুলকোর আশপাশের এলাকায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেক্সিকোর অনেক শহরেই স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করতে হয়েছে। ঘূর্ণিঝড় ইনগ্রিডের তাণ্ডব থেকে বাঁচাতে উপসাগরীয় উপকূল থেকে ৬ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের বেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার। এর প্রভাবে ভেরাক্রুজ ও টামাউলিপাস প্রদেশে ব্যাপক সম্পদহানি হয়েছে। ওদিকে পশ্চিম উপকূলে ঝড় ম্যানুয়েল আঘাত হেনেছে। এর প্রভাবে মাত্র তিনদিনে পুরো মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তার দ্বিগুণ পরিমাণ বৃষ্টি হয়েছে। ম্যানুয়েলের আঘাতে পশ্চিম উপকূলের ওক্সাকা, গুইয়েররেরো এবং চিহুয়াহুয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশগুলোর অনেকগুলো প্রধান সড়ক বিধ্বস্ত ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।