অভিজাতদের সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৩
সরকারের নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করার অভিযোগে আর্জেন্টিনার অভিজাত সম্প্রদায়ের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনার। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে বিভিন্ন বিষয় উল্লেখ করে অভিজাতদের সমালোচনা করেন কির্চনার। তিনি বলেন, “ছোট এই গোষ্ঠিটি ইতিহাসের বেশিরভাগ সময় ধরে উন্নতি করে গেছে, তারা দেশের সিংহভাগ শেয়ার অধিকার করে আছে। এখন তাদের নেতিবাচক প্রচারণার জন্য বছরে ৫ শতাংশ হারে সমৃদ্ধির পথে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া বন্ধ হতে চলেছে।” দেশটির গণমাধ্যমগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “তারা এমন একটি বিভ্রান্তিকর ছবি তৈরি করেছে যা জনগণ বিশ্বাস করছে।”
“অনেকে আগের আর্জেন্টিনায় ফিরে যেতে চায়। যেখানে শ্রমিকদের মজুরি ছিলো অনেক কম এবং সেই তুলনায় মালিকদের লাভের অংশ ছিলো অনেক বেশি,” বলেন তিনি। তিনি ক্ষমতায় আসার পর থেকে আর্জেন্টিনার অধিকাংশ মানুষের অবস্থা ভালো হয়েছে বলে যোগ করেন তিনি। তিনি বলেন, “আর্জেন্টিনার সুবিধাপ্রাপ্ত অংশগুলো ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হচ্ছে অথবা ইতিহাসের পুনরাবৃত্তিতে বিশ্বাস করেন।” ২০০৭ সালে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ক্রিস্টিনা। ২০১১-তে ৫৪ শতাংশ ভোট পেয়ে তিনি পুনর্নির্বাচিত হন। কিন্তু বিরোধীদের ও দেশের ধনিক শ্রেণির বিরূপ মন্তব্যের কারণে দিনে দিনে তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।