সংবাদ কণিকা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৫
রোবট নির্মাতা শিশু
যে বয়সে শিশুরা ভিডিও গেইম নিয়ে মেতে থাকে, সে বয়সে রোবট নিয়ে গবেষণায় বিভোর রোহান আগরাওয়াল। ১২ বছর বয়সী রোহান ইতিমধ্যে তৈরি করেছেন ছোট আকৃতির কয়েকটি রোবট। চার বছর বয়স থেকে প্রোগ্রামিং শুরু করেন রোহান। এছাড়া পাঁচ বছর বয়সে সে কোডিং শিখে নিজেই ওয়েবসাইট তৈরি করে। এরপর হার্ডওয়্যার নিয়েও আগ্রহ বাড়তে থাকে তার। প্রকৌশলী বাবা-মা তাকে একটি ডিজিটাল সার্কিট বুক এবং একটি কিট কিনে দেন। সেটা নিয়ে চলতে থাকে গবেষণা। এ সময় কয়েকবার দুর্ঘটনার শিকার হতে হয় তাকে। —রয়টার্স
ভূগর্ভে অভিজাত বাড়ি
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে ভূগর্ভে নির্মিত বিলাসবহুল একটি বাড়ি বিক্রির জন্য দাম উঠেছে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার। মাটির নিচে এ বাড়িটির আয়তন ১৫ হাজার বর্গফুট। দিনে ও রাতে বিভিন্ন সময়ে আলো অন্ধকারের অনুভূতির জন্য বাংকারটিতে রয়েছে কৃত্রিম আকাশ, তারা, কৃত্রিম প্রকৃতি ও আলো নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাংকারটির সিলিংয়ে স্থাপিত লাইটগুলো দিনের আলো, সূর্যাস্ত, গোধূলি ও অন্ধকার রাতের পরিবেশ তৈরি করতে পারে। —সিএনএন
মহাকাশে সবজি উত্পাদন
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে সবজি উত্পাদনের পরিকল্পনা করেছে। এ বছরের শেষের দিকেই এ পরিকল্পনার জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থানকারীদের কাছে ছয়টি রোমেইন লেটুস গাছ পাঠানো হবে। মহাকাশে ২৮ দিন এ উদ্ভিদগুলোকে গোলাপি রংয়ের এলইডি লাইটের আলোতে রাখা হবে। এর ফলে লেটুসগুলো খাবার উপযোগী হয়ে উঠতে পারে বলে ধারণা করছে নাসা। এর আগে নভোচারী ডন পেটি মহাকাশে অবস্থানকালে সফলভাবে ধুন্দুল উত্পাদন করেছিলেন। এ বিষয়টি দেখেই নাসা অভিনব এ পরিকল্পনাটি হাতে নিয়েছে। —রয়টার্স
ভারতে বাল্যবিবাহ বেশি
সমীক্ষায় দেখা গেছে, ভারতে বাল্যবিবাহের সংখ্যা ২ কোটি ৩০ লাখের মতো- যা বিশ্বের মোট বাল্যবিবাহের প্রায় ৪০ শতাংশ। বাল্যবিবাহের সঙ্গে বিভিন্ন নেতিবাচক দিক সম্পৃক্ত থাকায় ভারতের মত দেশে গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ মনে করে, ভারতে বাল্যবিবাহের প্রবণতা চলতে থাকলে ২০২০ সালের মধ্যে ১৪ কোটি নাবালিকার বিয়ে হয়ে যাবে, যার মধ্যে ১ কোটি ৮৫ লাখের বয়স হবে ১৫ বছরের নিচে। — ডয়েচে ভেলে