গফরগাঁও শহরের প্রধান সড়কগুলোর বেহাল দশা
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
গফরগাঁও পৌরশহরের প্রধান সড়কগুলো বেহাল অবস্থায় পরিণত হয়েছে। প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতার কারণে উন্নয়ন হচ্ছে না। প্রধান সড়কগুলোর অধিকাংশ জুড়ে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পৌরশহরের শিবগঞ্জ রোডের চাঁদনী মোড় থেকে ব্র্যাক অফিস পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তায় একটু পর পর গর্ত, রিকশাও চলতে পারে না। হাসপাতাল রোড ও কলেজ রোড সড়কের অবস্থা ভালো না।
গফরগাঁওমুখী সড়কে রেলক্রসিং পার হলে দেখা যায় কয়েকটি বড় বড় গর্ত। শহরের ব্যস্ততম সড়ক স্টেশন রোডেরও একই দশা। পাকা রাস্তার বড় বড় গর্তে পানি জমে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মটরবাইক ও সাইকেল আরোহীরা। বড় বড় গর্তে চাকা পড়ে আরোহীসহ উল্টে যাচ্ছে রিকশা। পৌর শহরের প্রধান সড়কগুলো সওজ ও এলজিইডির আওতায় থাকায় পৌরসভার পক্ষ থেকে সংস্কারের উপায় নেই। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন বলেন, এলজিইডির আওতাধীন গফরগাঁওমুখী সড়কের পৌর শহরের অংশ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।