বিভিন্নস্থানে পানিতে ডুবে তিন জনের মৃত্যু
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০২
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৩ জনের প্রাণহানি। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুমিল্লা
ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামে গত রবিবার দুপুরে ডোবায় পানিতে ডুবে মাহাবুব আলম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাসেল মিয়ার পুত্র। তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সিদ্ধিরগঞ্জে কদমতলী উত্তরপাড়ায় গত রবিবার দুপুরে পানিতে ডুবে আব্দুস সাত্তার মিয়ার মেয়ে মিথিলা (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায়, শাপলা তুলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে তাকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর (কিশোরগঞ্জ)
পৌর এলাকার পূর্ব ঢেকিয়া গ্রামে গত রবিবার দুপুরে ডোবার পানিতে ডুবে মো. খোকন মিয়ার মেয়ে নিশাত মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।