ফুলবাড়ীয়ায় পোল্ট্রি খামার করে স্বাবলম্বী
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৪
ফুলবাড়ীয়া উপজেলার সরাতিয়া গ্রামের হাফেজ ইলিয়াস আহাম্মেদ মোতালেব। লেখাপড়া ৮ম শ্রেণি। বেকার যুবক ইলিয়াস যুব উন্নয়ন থেকে ৩ মাসের প্রশিক্ষণ নিয়ে পোল্ট্রি খামার করে ঘুরিয়েছে ভাগ্যের চাকা। ২শ’ বয়লার দিয়ে শুরু করা তার খামারে এখন লেয়ার সংখ্যা সাড়ে ৮ হাজার। প্রতিদিন সে বিক্রি করছে ৫ সহস্রাধিক ডিম।
বয়লারে সাফল্যের পর ১২টি লেয়ার দিয়ে শুরু হয় তার লেয়ার খামার। বর্তমানে ৩ একর জমিতে ৮টি শেড স্থাপন করেন। খামারে স্থাপন করেছেন দুটি বায়ো গ্যাস। এ গ্যাস দিয়ে নিজের বাড়ির রান্নার কাজ চলে অনায়াসেই। তিনিসহ তার এ খামারে আরো ৩ ভাই কাজ করেন।
পোল্ট্রি খামার করে সাফল্য অর্জনকারী ইলিয়াস এখন স্বপ্ন দেখছেন পোল্ট্রি হ্যাচারি পোল্ট্রি ফিড স্থাপনের। কিন্তু অর্থের অভাবে হ্যাচারি ও পোল্ট্রি ফিড স্থাপন করতে পারছেন না। এ ব্যাপারে ইলিয়াস জানান, ব্যাংক ঋণ পেলে তার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।