হাসান ফুড প্রোডাক্টস কারখানায় ডাকাতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পোনাব এলাকায় রবিবার রাতে হাসান ফুড প্রোডাক্টস নামক একটি কারখানায় ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা কারখানার দারোয়ান, মসজিদের ইমাম ও শ্রমিকদের হাত-পা বেঁধে রাত ১২ থেকে ৪টা পর্যন্ত লুটপাট চালায়। কারখানার দারোয়ান আব্দুল হামিদ ভাসানী জানান, ৩০-৩৫ জন মুখোশধারী ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাউন্ডারি দেয়ালের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ৪টি ওয়েল্ডিং মেশিন, ১৩০টি বয়লার পাইপের টিউব, ৪০টি মোটর, ১০টি এমএস প্লেট, ৬টি এসএস প্লেট, ১টি ড্রিল মেশিন, ১২টি এসএস পাম্প মোটর, ৩৫০টি পাইপের ফিটিং মালামাল, ১২টি মোবাইল সেট ও নগদ ৯৫ হাজার টাকা লুটে নেয়। হাসান ফুড প্রোডাক্টস এন্ড নিউ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক হাজী ইমরাত হোসেন জানান, ট্রাকযোগে আসা ডাকাতরা প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।