বকশীগঞ্জে এডিপির ৬০ লাখ টাকা হরিলুট
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
বকশীগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের বরাদ্দকৃত ৬০ লাখ টাকার উন্নয়ন কাজে অনিয়ম ও লোপাটের অভিযোগ উঠেছে। ২০১২-১৩ অর্থবছরের এলজিইডির বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ৬১টি প্রকল্প গৃহীত হয়। ৬১টি প্রকল্পের বিপরীতে ৬০ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রতিটি প্রকল্পের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
৩০ জুনের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করার কথা থাকলেও প্রকল্পের কাজ না করে ভুয়া মাস্টার রোল দেখিয়ে বরাদ্দকৃত সিংহভাগ টাকা লোপাট করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের গোলচত্বরের উন্নয়ন কাজের ১ লাখ টাকা বরাদ্দ হয় কিন্তু কাজ খুঁজে পাওয়া যায়নি। প্রকল্পের সমুদয় টাকা আত্মসাত্ করা হয়েছে।
বকশীগঞ্জ মডেল একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে ১ লাখ টাকা দেয়া হলেও সেখানে কোন উন্নয়ন করা হয়নি। বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের পুরোনো টিনশেড ঘর সংস্কার বাবদ ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও সেখানে একটি টাকারও কাজ করা হয়নি। বকশীগঞ্জ সীমানার প্রাচীর নির্মাণ করা বাবদ ৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও লোক দেখানো কাজ করা হয়েছে। নিলক্ষীয়া ইউপির হতদরিদ্রদের মাঝে নলকূপ সরবরাহ কাজে ১ লাখ টাকা বরাদ্দ হলেও ভুয়া মাস্টার রোল দেখিয়ে এর পুরো টাকায় হরিলুট করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ নাগ জানান,সরকারি নিয়মমাফিক কাজগুলো যথাযথভাবে করা হয়েছে।