রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিন্স আগা খানের সাক্ষাত্
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
বাংলাদেশ সরকার ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) এর মধ্যে একটি সংশোধিত সহযোগিতা প্রটোকল স্বাক্ষর হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সফররত শিয়া ইসমাইলিয়া সমপ্রদায়ের ধর্মীয় নেতা প্রিন্স করিম আগা খান ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এই সহযোগিতা প্রটোকলে স্বাক্ষর করেন। এর আগে গতকাল সকালে প্রিন্স করিম আগা খান দু’দিনের সরকারি সফরে প্যারিস থেকে ঢাকায় এসে পৌঁছান। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সফরের প্রথম দিনে প্রিন্স করিম আগা খান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সাক্ষাত্ করেন।
গতকাল আগা খান সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী তার সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স করিম আগা খানকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। বৈঠককালে স্বাস্থ্য, শিক্ষা, ঐতিহ্যগত পর্যটন, পাটশিল্প, কৃষি বিশেষ করে পশুসম্পদ বিষয়ে একেডিএনের সহযোগিতা চান। পরে প্রিন্স করিম আগা খান প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ সরকার ও একেডিএনের মধ্যে সহযোগিতা প্রটোকলটি স্বাক্ষরিত হয়। আজ মঙ্গলবার দুপুরে তিনি ঢাকার জামাতখানা ও সেন্টার পরিদর্শন করবেন এবং সেখানে ইসমাইলিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান যোগ দেবেন।