জনসভায় হামলার প্রতিবাদে সিপিবি ও বাসদের বিক্ষোভ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার প্রক্রিয়াকে সিপিবি-বাসদ যখন অগ্রসর করে নিচ্ছে, তখন বিকল্প শক্তির পক্ষে জনগণের ব্যাপক সমর্থন দেখে ভীত হয়ে রবিবার সিলেটে আওয়ামী সন্ত্রাসীরা সিপিবি-বাসদের জনসভায় পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত করেছে সিপিবি সভাপতিসহ নেতা-কর্মীদের।
সিলেটে সিপিবি ও বাসদ-এর জনসভায় ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, সিপিবি কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন প্রমুখ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, গণফোরামের কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।