ডিসি নজরুলকে দুদকে জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ার তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদকসূত্র জানায়, গত ৬ এপ্রিল রাতে গুলশানের বাসা থেকে ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামকে বিনা কারণে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ছেড়ে দেয়ার শর্ত হিসাবে আবিদুল ইসলামের কাছে ১ কোটি ৫ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্রাক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ঘুষের ওই টাকা উত্তোলন করেন। এরপর ৭ এপ্রিল এক কোটি টাকা ঘুষ নিয়ে ব্যবসায়ী আবিদুলকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার দলীয় এমপি কবিরুল হক অভিযোগ করলে তা আমলে আসে। পরবর্তীতে এই অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। গত ৯ জুন কমিশনের নিয়মিত বৈঠকে ডিসি নজরুলের বিরুদ্ধে আনীত অভিযোগ অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে ঘুষ লেনদেনের চিত্র দেখে আগে থেকেই দুদক এ ঘটনা অনুসন্ধান শুরু করলেও গোয়েন্দা পুলিশের এই সাবেক উপ-কমিশনারকে এই প্রথম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় ডিসি নজরুলকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইসঙ্গে পরিদর্শক (ইন্সপেক্টর) আজহার উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হাসনাতকেও সাময়িক বরখাস্ত করা হয়।