কৃষিকাজে সফলতা আনতে
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানকার আবহাওয়া, জলবায়ু ও মাটি কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। যার কারণে এ দেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও প্রতিবছর বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয় দেশের চাহিদা মেটানোর জন্য। বাংলাদেশ একটি অনুন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত। এ অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশে হিসেবে পরিণত করতে হলে দিতে হবে কৃষকদের সর্বাধিক সুযোগ-সুবিধা। আমাদের দেশের প্রধান জীবিকা অর্জনের প্রথম উত্স কৃষিকাজের ওপর নজর দিলে মাথাপিছু আয় বাড়বে নিঃসন্দেহে। কৃষিকাজের জন্য প্রয়োজন পড়ে অধিক মূলধন। যা দরিদ্র মানুষগুলোর পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মাথার ঘাম পায়ে ফেলে যেটুকু ফসল উত্পাদন করে এতেও আশানুরূপ ফসল পায় না সময়মতো জমিতে সার দিতে না পারার কারণে। পাইকারি সার বিক্রেতাগণ উচ্চ মুনাফা লাভের আশায় স্বল্প দামে সার ক্রয় করে গুদামজাত করে রাখে। যা পরবর্তী সময়ে উচ্চ হারে বিক্রি করা হয়। স্থানীয় বাজারগুলোতে সার পাওয়া খুবই কষ্টকর। যেটুকু পাওয়া যায়, সেটুকু আবার নাগালের বাইরে। বর্তমানে সরকার কৃষকদের মধ্যে স্বল্প সুদে ঋণ প্রদান এবং বিনা মূল্যে সার বিতরণ করছে। কিন্তু মধ্যসত্ত্বভোগীদের জন্যে এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র কৃষকরা। তাই কৃষিকাজে সফলতা আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করছি।
মো. মঈন উদ্দিন ইসলাম (হূদয়), চট্টগ্রাম