এগিয়ে যাওয়ার লড়াই আজ

দেড় রাউন্ডের খেলা, মানে ৯টি ম্যাচ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগে। কিন্তু বিস্ময়করভাবে এখনও পর্যন্ত কোনো দলই পূর্ণাঙ্গ ৪ পয়েন্ট ঝুলিতে পুরতে পারেনি। এর কারণ হল প্রথম রাউন্ডে জয় পাওয়া প্রাইম ব্যাংক ও গাজী ট্যাংক দ্বিতীয় রাউন্ডে জয় পায়নি। আবার প্রথম রাউন্ডে হারা ব্রাদার্স ও কলাবাগান দ্বিতীয় রাউন্ডে জয়ের দেখা পেয়েছে। ফলে গতকাল পর্যন্ত পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্টসহ ৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ভিক্টোরিয়া স্পোর্টিং! আজ পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা দখলে নিতে মাঠে নামবে প্রথম রাউন্ডে জয় পাওয়া শেখ জামাল, আবাহনী ও মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে সিসিএসের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বগুড়ায় আজ প্রাইম দোলেশ্বরের সঙ্গে লড়বে আবাহনী লিমিটেড। আর ফতুল্লায় মোহামেডানের প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। প্রাথমিকভাবে তিনটি ম্যাচে চোখ বোলালেই স্পষ্ট ফেবারিট দলকে খুঁজে পাওয়া সম্ভব। সিসিএসের বিপক্ষে শেখ জামাল যে ফেবারিট, এটা বুঝতে কোনো পরিসংখ্যান না জানলেও চলবে। এমনিতেই দেশের তারকাদের নিয়ে সেরা দল গড়েছে শেখ জামাল। মুশফিকুর রহিমের অধিনায়কত্বে এই দলে জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, সফিউল ইসলাম মিলিয়ে তারকার ছড়াছড়ি। তারওপর আবার বিদেশি দিলশান মুনাবীরা আছেন। দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও ওপেনার জুনায়েদ আছেন দারুণ ফর্মে। ফলে এমন দলের বিপক্ষে খেলাটা সিসিএসের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপারই হবে। এই ক্লাবটির একটা সুবিধা হল তাদের বোলাররা বেশ ভালো ছন্দে আছেন। বিশ্বনাথ হালদার আবাহনীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন প্রথম রাউন্ডে। শ্রীলঙ্কান থিলান তুষারাও ভালো করছেন। সমস্যা হল ব্যাটিংটা অবস্থা খুবই খারাপ তাদের। শ্রীলঙ্কান গিহান রাজাপাক্ষে, তরুণ তারকা আসিফ আহমেদ রাতুল বা অধিনায়ক নাজমুল মিলকে আজ জ্বলে উঠতেই হবে শেখ জামালের বিপক্ষে মান বাঁচাতে চাইলে। আবাহনী চলতি মৌসুমে খুব শক্তিশালী দল না করলেও প্রাইম দোলেশ্বরের জন্য যথেষ্টই কঠিন এক প্রতিপক্ষ তারা। আবাহনীর নাজিমউদ্দিন, থারাঙ্গা পারানাভিতানা বা ইনডিকা ডি সরম রানের মধ্যে আছেন; এটা দলটিকে ভালো অবস্থায় রেখেছে। এ ছাড়া অধিনায়ক শাহরিয়ার নাফীসও দলটির বড় ভরসা। আবাহনীকে বিশেষ করে ত্রাস বানিয়ে ফেলেছেন দলটির তরুণ পেসার আল আমিন। সেই সঙ্গে নাবিল সামাদও আছেন ভালো ফর্মে। ফলে মোমিনুল, ফরহাদ রেজা, সোহাগ গাজী, রুম্মনদের প্রাইম দোলেশ্বরকে বেশ বেগই পেতে হবে আবাহনীর বিপক্ষে অঘটন ঘটাতে। নিলামে এমন কিছু ভালো দল মোহামেডানও গড়তে পারেনি। কিন্তু বিদেশিদের আনার ক্ষেত্রে অনেককে ছাপিয়ে গেছে তারা। টপ অর্ডারে উপল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশানের উপস্থিতি এবং লোয়ার মিডল অর্ডারে দারুণ ফর্মে থাকা আফগান অধিনায়ক মোহাম্মদ নবীই যথেষ্ট কলাবাগান অ্যাকাডেমিকে আতঙ্কিত করে তুলতে। সঙ্গে মাশরাফি, সাকলায়েনদের বোলিং এবং নবী-দিলশানদের অলরাউন্ড সার্ভিস মোহামেডানকে বড় শক্তি করে ফেলেছে। ফলে গতকালই ঢাকায় আসা সিকান্দার রাজা ও দুই শ্রীলঙ্কানের ভরসায় মাঠে নামা অ্যাকাডেমির পক্ষেও জয়ের স্বপ্ন দেখা কঠিন হবে বৈকী!