আমেরকে তাড়াতাড়ি ক্রিকেটে ফেরাতে চায় পিসিবি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
ভারত যখন স্পট ফিক্সিংয়ের অভিযোগে এস শ্রীশান্ত এবং অংকিত চাভানের ক্রিকেট দরজা বন্ধ করে দিচ্ছে একই সময়ে মোহাম্মদ আমেরকে দ্রুত প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইংল্যান্ডে একটি টেস্ট সিরিজে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া এ পেসারের ২০১৬ সাল পর্যন্ত ক্রিকেট থেকে দূরে থাকার কথা। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা চলাকালে পিসিবির প্রধান নির্বাহী সুবহান আহমেদ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আগামী ঘরোয়া মৌসুমেই আমের যাতে খেলা শুরু করতে পারে সেজন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ জানাবেন তারা।
পিসিবি’র এই কর্মকর্তা বলেন, ‘অপরাধটি সংঘটিত হওয়ার সময় তার বয়স খুবই কম ছিল। আমের একজন খুব ভাল বোলার এবং নিজের কৃতকর্মের জন্য সে অনুতপ্ত।’ এমন ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত এটা তাদের জন্য ভুল সংকেত বহন করবে কিনা-এমন প্র্শ্নের জবাবে সুবহান বলেন, ‘আমি এমনটা মনে করি না। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে সে যথাসাধ্য সহযোগিতা করেছে। ছেলেটির মেধাকেও বিবেচনায় আনতে হবে। আগামী বছর যদি সে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারে তাহলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা তার জন্য সহজ হবে।’বাসস