তেল চুরির মাধ্যমে ৪৫০ কোটি টাকা আত্মসাত!

জ্বালানি তেল চুরির মাধ্যমে প্রায় ৪৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানায় দণ্ড বিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়। তিন অর্থ বছরের জন্য পৃথক তিনটি মামলার প্রতিটিতেই ওই ৬ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. আলী আকবর খান বাদি হয়ে মামলাগুলো করেন। মামলার আসামিরা হলেন বিপিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অর্থ) মনিলাল দাস, ডেপুটি ম্যানেজার (অর্থ) জাহাঙ্গীর হোসেন, উচ্চমান সহকারী (অর্থ) নূরুল ইসলাম, জেনারেল ম্যানেজার (হিসাব) গিয়াস উদ্দিন আনসারী, ডেপুটি জেনারেল ম্যানেজার (হিসাব) কাজী সাহিদুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (হিসাব) জাকির হোসেন। এজাহারের বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম অফিস জানায়, অভিযুক্তরা ২০০৯-১০, ২০১০-১১ এবং ২০১১-১২ এই তিন অর্থ বছরে আমদানিকারকদের সহায়তায় বিল পরিশোধের মাধ্যমে বিপিসি’র ওই পরিমাণ টাকা আত্মসাত্ করেন। এ ক্ষেত্রে রিফাইন তেল, অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, জেট ফুয়েল ইত্যাদি আমদানির সময় এলসিতে উল্লেখিত পরিমাণের চেয়ে ‘লোডিং পয়েন্ট সার্ভে রিপোর্টে’ (ওজন বিষয়ক প্রতিবেদন) কম দেখিয়ে ওই তিন বছরে সর্বমোট ৬ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৫৭৬ লিটার তেল চুরি করা হয়। যার বাজার মূল্য কমবেশি সাড়ে চারশ’ কোটি টাকা। দুদক সূত্র জানায়, অভিযুক্ত কর্মকর্তারা ২০০৯-১০ অর্থ বছরে ক্রুড ওয়েল খাতে ১৪ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৪৯৪ টাকা ও রিফাইন ওয়েল খাতে ৮ কোটি ৯ লাখ ৬ হাজার ৫৭৩ টাকা- সর্বমোট ২৩ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭১ টাকা বেশি বিল পরিশোধের মাধ্যমে আত্মসাত্ করেছেন। একই প্রক্রিয়ায় গত ২০১০-১১ অর্থ বছরে ক্রুড ওয়েল খাতে ২১ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৯৫৪ টাকা, ডিজেল খাতে ৭৭ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ২৭১ টাকা এবং জেট-এ-১ খাতে ১৮ লাখ ৪৭ হাজার ৮০২ টাকা-সর্বমোট ৯৮ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ২২৫ টাকা আত্মসাত্ করা হয়। এছাড়া গত ২০১১-১২ অর্থ বছরে ক্রুড ওয়েল খাতে ৪৪ কোটি ২০ লাখ ৪২ হাজার ৭৬৩ টাকা, ডিজেল খাতে ৩০৬ কোটি ১৩ লাখ ৭৪ হাজার ৪৪৯ টাকা এবং অকটেন খাতে ২ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৩০৯ টাকা- সবমিলিয়ে ৩৫৩ কোটি ২০ লাখ ৭ হাজার ৫২২ টাকা বেশি বিল পরিশোধের মাধ্যমে ওই কর্মকর্তারা আত্মসাত্ করেন।