রাজনৈতিক ঐক্যের প্রত্যাশা ইসি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১১
সংবিধানের আলোকে সব দলের অংশগ্রহণে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করছে নির্বাচন কমিশন (ইসি)। আর এজন্য প্রধান দুই রাজনৈতিক দলের ঐক্যের দিকে তাকিয়ে আছে ইসি। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো ঃ শাহ নেওয়াজ বলেন, রাজনৈতিক ঐকমত্যের এখনো সময় আছে। সময় এখনো ফুরিয়ে যায়নি। সবদল একটি প্লাটফর্মে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গতকাল সোমবার শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, যে পদ্ধতির সরকার ব্যবস্থা হোক তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এর আলোকেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সরকার পদ্ধতি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো। আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল দলই একটি ঐকমত্যে পৌঁছবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যমান সংবিধানের আলোকে নির্বাচন হলে ওই পদ্ধতি মেনে সবার জন্য সমান সুযোগ রেখে নির্বাচনের ক্ষেত্র তৈরি করা হবে। এ ধরনের সুযোগ ইসির হাতে রয়েছে।