চেয়ারম্যানসহ বিমানের তিন কর্মকর্তাকে আজ হাইকোর্টে তলব
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১১
আদালত অবমাননার অভিযোগে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ, স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন ও ক্যাপ্টেন ইমামুলকে তলব করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হেসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাদেরকে সশরীরে হাজির হয়ে আদালতের রায় কেন কার্যকর করা হয়নি তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। হাইকোর্টের এ আদেশ সম্পর্কে গতকাল সোমবার সাংবাদিকদের অবহিত করেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট বিশ্বজিত্ রায়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানে ভ্রমণের ক্ষেত্রে বিচারকদের বিজনেস ক্লাসের সুবিধা প্রদান করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১১ সালের দেয়া ওই রায় বিমান কর্তৃপক্ষ এখনো বাস্তবায়ন করেনি। এই অভিযোগে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ গত ১ আগস্ট স্বপ্রণোদিত হয়ে বিমানের চেয়ারম্যানসহ ৩ জনকে তলব করেন। একইসঙ্গে রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।