কারখানা পরিদর্শনে স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১২
যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশ থেকে নেয়া তৈরি পোশাক কারখানাগুলোর পরিদর্শন প্রক্রিয়ায় স্বচ্ছতা চায়। আগামী বছরের মধ্যে তারা সম্পন্ন করতে চায় ওইসব কারখানা পরিদর্শন। এ জন্য শীঘ্রই সরকারকে ওইসব কারখানার তালিকা দেয়া হবে। এসব বিষয়ে গতকাল সোমবার উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ সেফটি ইনিশিয়েটিভ বা অ্যালায়েন্সের প্রতিনিধি দল বিজিএমইএ’র নেতাদের সাথে বৈঠক করে। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান সাবেক কংগ্রেসম্যান অ্যালেন টসার সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেফ ক্রিলাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কারখানা পরিদর্শনের জন্য ইতিমধ্যে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে ‘অ্যাকর্ড’ নামে একটি জোট গঠিত হয়েছে। তবে আইনি বাধ্যবাধকতার দোহাই দিয়ে ওয়ালমার্ট ও গ্যাপসহ মার্কিন বড় ক্রেতারা ওই জোটে অন্তর্ভুক্ত হয়নি। ওই জোটে ৭০টি ক্রেতা প্রতিষ্ঠান রয়েছে। এরপর আন্তর্জাতিক চাপে গত জুলাইয়ে গঠিত হওয়া আর অ্যালায়েন্সে রয়েছে ২২টি মার্কিন ও কানাডীয় ক্রেতা প্রতিষ্ঠান। ইতিমধ্যে উভয় জোট একই মানদণ্ডে ওপর ভিত্তি করে কারখানা পরিদর্শন করতে রাজি হয়েছে।
অ্যালেন টসার বলেন, আমরা চাই বাংলাদেশের গার্মেন্টসখাতের শ্রমিকদের প্রকৃত নিরাপত্তা। তাদের জীবন মানের উন্নয়ন ও কারখানায় পার্টিসিপেটরি কমিটিতে (ট্রেড ইউনিয়ন) অংশগ্রহণের সুযোগ। এসব উন্নয়নের জন্য সহজ কোন সমাধান নেই। এজন্যই সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একই মানদণ্ডে ভিত্তিতে আমরা কাজ করতে চাই। বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উভয় জোট একই মানের ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে। এখন আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে।