পৃথিবীর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়

বিজ্ঞান

 

১) ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।         

উত্তর : পৃথিবীর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় একপাশে একটু হেলে ঘোরে। পৃথিবীর এই হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সূর্য রশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে এসে এই এলাকায় পড়ে। এছাড়া হেলে থাকার জন্য উভয় গোলার্ধ এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। অর্থাত্ সে সময় উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত্রি ছোট হয়। বেশিক্ষণ ধরে সূর্য রশ্মি পাওয়ার ফলে ঐ এলাকার তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে তখন ঐ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দেখা দেয়। এই সময় দক্ষিণ গোলার্ধে  ঠিক উল্টো ব্যাপার ঘটে। তাই সেখানে হয় শীতকাল। এভাবে বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন ঘটে থাকে।

২) সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ? ব্যাখ্যা করো।

উত্তর :  পৃথিবী প্রতি চব্বিশ ঘণ্টায় নিজ অক্ষে সম্পূর্ণ ঘুরছে। এই ঘূর্ণন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পন্ন করে। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তাই প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে, এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়।

৩) পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতার কী ঘটে ? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কী পরিবর্তন ঘটে ? 

উত্তর : পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। তখন উত্তর গোলার্ধে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং রাতের সময়কাল কম হয়। উত্তর গোলার্ধে এ সময় তাপমাত্রা বেশি থাকে।