ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৩
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৌবাহিনীর ঘাঁটিতে দুই জন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত ও আটজন গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। মৃত্যুর খবর নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে স্থানীয় পুলিশ জানিয়েছে, দুইজন বন্দুকধারী এতে অংশ নিয়েছে। খবর বিবিসির।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাতঃভ্রমণে বের হওয়া লোকজন প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, অন্তত একজন বন্দুকধারীকে তারা ধরেছে। তবে তাকে জীবিত নাকি মৃত অবস্থায় ধরা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে আরেক সন্দেহভাজন এখনো নাগালের বাইরে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানিয়েছে, আটজন বেসামরিক লোককে গুলি করা হয়েছে। এর বাইরে দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। একজন মেট্রো পুলিশ কর্মকর্তার পায়ে দু’বার গুলি করা হয়েছে। আরেকজন কর্মকর্তা ঘাঁটিতেই দায়িত্ব পালন করছিলেন। আহতদের সবার চিকিত্সা চলছে।
সকাল ১০টার কিছু আগেই নৌবাহিনীর একজন চাকরিজীবী টেলিফোনে বিবিসিকে বলেন, কর্মরত সংশ্লিষ্টদের নিরাপদ আশ্রয়স্থলে থাকতে বলা হয়েছে। তিনি গুলির শব্দ না শুনলেও সাইরেন, সোয়াত, মেরিন ও হেলিকপ্টারের উপস্থিতি টের পেয়েছেন বলে জানান।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী ক্ষিপ্র গতিতে অভিযানে নামে। গুলিবিদ্ধ আটজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। প্যাট্রিসিয়া ওয়ার্ডের একজন প্রত্যক্ষদর্শী বলেন তিনি অন্তত সাতবার গুলির শব্দ শুনেছেন। কিন্তু কেউ কেউ এরচেয়ে বেশিবার গুলির শব্দ শোনার কথা জানান। ঘটনাটি আকস্মিকভাবে ঘটে বলে পুলিশ জানায়। বন্দুকধারীদের খোঁজে পুলিশ ও বিশেষ বাহিনী কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়ে অনুসন্ধানে নামে। আরো দুর্ঘটনার আশঙ্কায় ডজনখানেক অ্যাম্বুলেন্স ও জরুরি বাহন প্রস্তুত রাখা হয়।
গুলিবর্ষণের শিকার নেভি ইয়ার্ডটিতে কমপক্ষে ৩ হাজার কর্মকর্তা-কর্মচারি কাজ করেন। এরা মার্কিন নৌবাহিনীর জন্য জাহাজ ও সাবমেরিনের নকশা তৈরী, ক্রয়, মেরামত ইত্যাদি কাজ করেন।