বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী
অবশেষে মোদীকে সমর্থন দিলেন আদভানি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৪
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন দেয়া নিয়ে নানা নাটকীয়তা করেছেন দলটির বর্ষীয়ান নেতা এল কে আদভানি। প্রধানমন্ত্রী নির্বাচনের দিন তিনি দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় পর্যন্ত যাননি। এমনকি তিনি মন্তব্য করেছিলেন, মোদীকে প্রার্থী করলে বিজেপির রাজনৈতিক সর্বনাশ হবে।
কিন্তু হঠাত্ করে ১৮০ ডিগ্রি ঘুরে মোদী বন্দনায় যোগ দিলেন বিজেপির ‘লৌহপুরুষ’ আদভানি। তিনি গতকাল সোমবার ছত্তিশগড়ের এক জনসভায় বলেছেন, উন্নয়নের প্রতীক গুজরাটের মুখ্যমন্ত্রী। তাই দেশের উন্নয়নের প্রতীক হবার যোগ্যতা তার আছে। দেশের স্বার্থের জন্যই মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই সঙ্গে বলেন, গুজরাটের উন্নয়নে অনেক কাজ করেছেন নরেন্দ্র মোদী। তাকে আমার দল ২০১৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করেছে।
আদভানির হঠাত্ এই মোদী বন্দনায় ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। কারণ মাত্র কয়েকদিন আগেও তিনি মোদী ইস্যুতে প্রকাশ্যে বিদ্রোহে নেমে পড়েছিলেন। টিক কোন কারণে তার এই উল্টো সুর তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। মোদী নিজে তার নাম ঘোষণা হওয়ার পরই আদভানির বাড়িতে ছুটে গিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদভানি ভালো করেই জানেন মোদী যদি শেষ পর্যন্ত ২০১৪ লোকসভা নির্বাচনে ভালো ফল করতে না পারেন তাহলে আবার তিনি দলের সবচে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠবেন।