ব্রিটেনে হিজাব নিয়ে বিতর্ক

ব্রিটেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলিম মেয়েদের হিজাব পরিধান নিয়ে জাতীয় বিতর্কের আহ্বান জানিয়েছেন দেশটির হোম অফিস মিনিস্টার জেরিমি ব্রাউন। ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের অন্যতম অংশীদার লিবারেল ডেমোক্রেট দলের এ নেতা বলেন, ব্যক্তি স্বাধীনতা বা ধর্মীয় মূল্যবোধে আঘাত হবে- এমন কিছু করতে তিনি রাজি নন। তবে এলকোহল, সিগারেট কিংবা বিবাহ বন্ধনের মত বিষয়গুলোতে যেমন একটি নির্দিষ্ট বয়সের বিধিনিষেধ রয়েছে, তেমনি হিজাব কিংবা নিকাব পরিধানের ক্ষেত্রেও এ রকম কিছু থাকা উচিত। সম্প্রতি ডেইলি টেলিগ্রাফের সাথে দেয়া এক সাক্ষাত্কারে ব্রাউন এসব কথা বলেন। গত রবিবার তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে দলের বার্ষিক সভায়ও বিষয়টি উত্থাপন করেন। প্রসঙ্গত, গত সপ্তাহে ব্রিটেনের বার্মিংহাম মেট্রোপলিটন কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে শিক্ষার্থীদের হিজাব, নিকাব পরিধান নিষিদ্ধ করে এক নির্দেশ জারি করে। পরে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ঘটনাটি বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়। ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী লিবারেল ডেমোক্রেট নেতা নিক ক্লেগ এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, মানুষ কেমন পোশাক পরবে তা রাষ্ট্রের চাপিয়ে দেয়া উচিত হবে না। তবে ক্লাসরুমে হিজাব পরিধান সঠিক কাজ নয় বলে তিনি মন্তব্য করেন।