‘কুড়াল’ যখন নিজের পায়ে
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৭
বাংলায় একটি প্রবাদ আছে, নিজের পায়ে কুড়াল মারা। অর্থাত্ নিজের বিপদ নিজেই ডেকে আনা। কিন্তু যদি পুলিশ জানতে পারে ওই কুড়ালটিই অবৈধ ছিল, তাহলে তার বিপদ কতটা গুরুতর হতে পারে তা সহজেই অনুমেয়। যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিজের অস্ত্রের গুলিতে আহত হওয়ার পর দুই দফা বিপদের সম্মুখীন হয়েছেন! ফ্লোরিডার নাগরিক মার্ক ক্রুজ (২৮) জানান, পিস্তলটি তার পকেটে ছিল। মাটিতে পড়ে গিয়ে সেটি থেকে গুলি বের হয় এবং তার পায়ে লাগে। এরপর তিনি কাছের একটি হাসপাতালে যান। এ ঘটনা পুলিশ জানতে পারে। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে পারে পিস্তলটির লাইসেন্স নেই। পুলিশের জিজ্ঞাসাবাদে মার্ক জানান, পিস্তলটি কাছের একটি হ্রদের মধ্যে ফেলে দিয়েছেন। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র রাখা এবং সেটি নিজ থেকে ধ্বংস করার দায়ে মার্কের বিরুদ্ধে মামলা করা হবে। হায় রে মন্দ কপাল! -ইউপিআই