অষ্টম ওয়েজ বোর্ড গঠনের তারিখ থেকে রোয়েদাদ কার্যকর করার দাবি

অষ্টম ওয়েজ বোর্ড গঠনের তারিখ থেকে রোয়েদাদ (বেতন কাঠামো) কার্যকর করার দাবি জানিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে পরিষদের এক জরুরি সভায় এই দাবি জানানো হয়। সভায় সংবাদপত্র শিল্পের জন্য ৮ম মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট নোটিফিকেশনকে ইতিবাচক হিসাবে অভিহিত করা হয়েছে। তবে রোয়েদাদে সাংবাদিক-শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিতে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে প্রতিবাদও উঠেছে। সভায় গেজেট নোটিফিকেশনে সংবাদপত্র ও সংবাদ সংস্থার নতুন ৫টি শ্রেণীবিন্যাস বাতিল করে পূর্বের ৩টি শ্রেণীবিন্যাসের ধারাবাহিকতা বহাল রাখার দাবি জানানো হয়। এছাড়া ৭ম ওয়েজবোর্ড রোয়েদাদে ঘোষিত সকল প্রান্তিক সুবিধা নতুন রোয়েদাদে পুরোপুরি বহাল রাখার আহবান জানানো হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে সভায় । পরিষদের যুগ্ম-আহবায়ক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক রুহুল আমিন গাজী, আলমগীর হোসেন খান, সদস্য সচিব মো. মতিউর রহমান তালুকদার, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল ভূঁইয়া, সদস্য শওকত মাহমুদ, ওমর ফারুক প্রমুখ।