গণজাগরণ মঞ্চের ঘোষণা
কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না হলে কঠোর আন্দোলন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৮
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছে গণজাগরণ মঞ্চ। দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আজ মঙ্গলবার শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে মঞ্চ।
ইমরান এইচ সরকার বলেন, কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিলের মামলা আমাদেরই আন্দোলনের ফসল। রায় ঘোষণা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।
এদিকে গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘যুদ্ধাপরাধের বিচার:বিদ্যমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় মূলপ্রবন্ধে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত বলেন, দীর্ঘ দিন পর হলেও যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। আড়াই বছর ধরে বিচার চলছে। স্বাভাবিক বিচারের কার্যক্রমের মতোই বিচার কার্যক্রম হোক। কারণ এ ধরনের বিচারের অভিজ্ঞতা আমাদের নেই। তিনি বলেন, জঙ্গীবাদী গোষ্ঠীকে নির্মূলের জন্য তাদের অর্থের উত্স বন্ধ করতে হবে। অনেকে মনে করেন আওয়ামী লীগ ইচ্ছা করেই বিচার কাজ দীর্ঘ করছে, কিন্তু আমি মনে করি না । কারণ বিএনপি সরকার গঠন করলেও তারা যুদ্ধাপরাধীদের বিচার না করে একমাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এটা নিয়ে আমাদের থেকে তাদের দুশ্চিন্তা আরো বেশি।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।