এটুআই প্রকল্পের স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

ইউএনডিপি ও ইউএসএইড-এর কারিগরি সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাস্তবায়নাধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের চলমান কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য এ প্রকল্পের স্টিয়ারিং কমিটির (পিএসসি) দ্বিতীয় সভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, প্রাইভেট সেক্টর এবং দাতা সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের দোরগোড়ায় বিভিন্ন সেবা স্বল্প খরচে ও স্বল্প সময়ে নিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এই সভায়। ‘সার্ভিস ইনোভেশন ফান্ডে’র আওতায় সরকারি-বেসরকারি পর্যায়ের ৭ প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের বিষয়ে চূড়ান্ত করা হয়েছে। যশোর ও সিরাজগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেমকে সব হেলায় স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়। এ সভায় ই-সেবা প্রদানের অবকাঠামো নিশ্চিত করতে যেসব সরকারি প্রকল্প চালু রয়েছে সেগুলো সঠিক বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডকে (বিটিসিএল) সমন্বিতভাবে কাজ করা নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া তৃণমূল পর্যন্ত ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিশেষ উদ্যোগ গ্রহণে বিটিসিএলকে প্রস্তাব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এ সভায়। সভায় আইসিটি সচিব এবং এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খানসহ এটুআই, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি, ইউএসএইড, বেসিস-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।