ভিকারুন নিসা নূন ডিবেটিং ক্লাব

দশ বিতার্কিককে সম্মাননা

‘তারুণ্যের জয়গানে দূর হোক বৈষম্যের অর্থনীতি, নতুন সূর্যের আবাহন বয়ে আনুক সমপ্রীতি’ শ্লোগানে শেষ হয়েছে ভিকারুন নিসা নূন বিতর্ক প্রতিযোগিতা ২০১৩। ৫০টি প্রতিষ্ঠানের ৮০টি দলের প্রায় ৩০০ বিতার্কিক অংশগ্রহণ করেন এ প্রতিযোগিতায়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননাপত্র তুলে দেন। এছাড়া ভিকারুন নিসা নূন ডিবেটিং ক্লাবের সাবেক দশজন বিতার্কিককে বিশেষ সম্মাননা এবং আজীবন সদস্য পদ প্রদান করা হয়। এরা হলেন সিলভিয়া সানজানা, নাফিসা জাযয়েদ, নিশাত তাসনিম, সাদিয়া রহমান, ফাবিহা রহমান, নাসরিন সুলতানা ইসলাম, লামিয়া লাজমি খন্দকার, বুশরা ফারিজমা হোসেন, পারমিতা বণিক ও ফাহমিদা রহমান। সম্মাননাপ্রাপ্তদের মধ্য থেকে বুশরা ফারিজমা হোসেন বলেন, এই ক্লাবে অংশগ্রহণ করার পর থেকেই আসলে অপেক্ষায় ছিলাম আজকের দিনটির জন্য। কিন্তু আজ যখন সম্মাননা ও আজীবন সদস্য পদ পেলাম, তখন একদিকে যেমন আনন্দিত, তেমনি এক ধরনের খারাপ লাগাও কাজ করছে যে আগের মতো আর দায়িত্ব পালন করতে পারবো না। তবে এই ক্লাবের সঙ্গে আজীবন থাকতে চাই।’ কেমন হলো এ আয়োজন জানতে চাইলে ভিকারুন নিসা ডিবেটিং ক্লাবের সভাপতি পারিসা মুশফেকা বলেন, আগত বিতার্কিকদের অনেক সহযোগিতা ছিল। যার ফলে এ ধরনের বড় একটি আয়োজন আমরা সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান এবং ভিকারুন নিসা নূন ডিবেটিং ক্লাবের সাফল্য কামনা করেন।