পাকিস্তানে সম্মান বাঁচাতে তিন নারীকে গুলি করে হত্যা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি উপজাতি এলাকায় পরিবারের সম্মান বাঁচাতে তিন নারীকে তাদের স্বজনরাই গুলি করে হত্যা করেছে। পেশোয়ার ও কোহাট নগরীর মধ্যবর্তী দারা আদম খেল জেলার জাওয়াকি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানান।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, দুই বছর আগে জাওয়াকি গ্রামের এক মুদির দোকানীর সঙ্গে করাচির ২২ বছরের এক নারীর বিয়ে হয়। কিন্তু সমপ্রতি ঐ নারীর বিরুদ্ধে তার চাচী ও এক চাচাতো বোনের সহায়তায় স্বামীর ঘর থেকে পালিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকার অপর এক পুরুষের সঙ্গে বিয়ের অভিযোগ ওঠে। এরপর স্থানীয় উপজাতি পরিষদ (জিরগা) বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং রবিবার ঐ নারীকে হত্যার সিদ্ধান্ত দেয়। তিনি বলেন, আত্মীয়-স্বজনরা এদিন রাতে তাদেরকে হত্যা এবং সোমবার সকালে তাদের দাফন করে।
পাকিস্তান মানবাধিকার কমিশনের তথ্যানুযায়ী, পরিবারের সম্মানহানির অভিযোগে ২০১১ সালে ৯শ’ ৪৩ নারী অনার কিলিংয়ের শিকার হয়েছেন।