রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার প্রভাব শেয়ারবাজারে

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ফাঁসির রায়ের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দু’একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বড় অঙ্কের ক্রয় করলেও শেষ পর্যন্ত লেনদেন বেড়েছে, সূচক কমেছে। এদিকে বিনিয়োগকারীদের মধ্যেও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা ছিল লক্ষ্যণীয়। যা বাজারের সূচকে নেতিবাচক প্রভাব ফেলেছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণেও বলা হয়েছে, গতকাল বাজারে রাজনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কায় সূচকে নেতিবাচক প্রবণতা ছিল। গতকাল লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল পোশাক খাত। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৪৩ লাখ ৯২ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি। লেনদেনকৃত ২৯২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। এদিকে ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া ১৭ মামলার বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে অবহিত করে অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনায় ১৯৯৭ সালে দায়ের করা ১৫ মামলার মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি, হাইকোর্ট বিভাগে ১২টি ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দু’টি মামলা বিচারাধীন রয়েছে।