সাত জনের মৃত্যু ৪ জনের লাশ উদ্ধার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৭ জন মারা গেছেন এবং ৬ জনের লাশ উদ্ধার হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় গত সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে ফিরোজ হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীও আহত হন। নিহত ফিরোজ নিজ বাসায় বৈদ্যুতিক কাজ করার সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে নিহত হন এবং তাকে বাঁচাতে স্ত্রী এগিয়ে এলে তিনিও আহত হন। তালা উপজেলার কাপাসডাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার বজ্রপাতে গোপাল ম্লল (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।
পাটগ্রাম (লালমনিরহাট)
পাটগ্রাম উপজেলার আমাবাড়ি গ্রামে গত সোমবার আব্দুল লতিফ (৫০) নামে এক ব্যক্তি ঋণের বোঝা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারিক সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ে ও অন্যান্য সাংসরিক ব্যাপারে ঋণের পরিমাণ বৃদ্ধি এবং পাওনাদারদের দেনা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। পাটগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
রাঙ্গুনিয়া উপজেলার ছুফিপাড়া দরগাহ সড়কে পথচারী মুর্শিদা বেগম (৩২) নামে এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছেন। সে মরিনগর বাপের বাড়ি থেকে চন্দ্রঘোনা শ্বশুর বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
নগরকান্দা (ফরিদপুর)
নগরকান্দা উপজেলার বিনোকদিয়া বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন দোকান ঘরে মটরের তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্টে ঘানি মাতুব্বর (২৩) নামে এক ব্যক্তি নিহত হন। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর (পিরোজপুর)
উপজেলার পেনাখালি গ্রামে গত সোমবার রাতে বজ্রপাতে রাজিব হাওলাদার (১৭) নামে এক মত্স্য ঘের শ্রমিক নিহত হয়েছে। নিহতের বাড়ি উপজেলার গিলাতলা গ্রামে।
মাগুরা
জেলার মহম্মদপুর উপজেলার কলমধারী গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে উজ্জ্বল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে নিচে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় মহম্মদপুর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ
হবিগঞ্জে গত সোমবার লিটন মিয়া (১০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হুরগাঁও গ্রামের জালাল মিয়ার ছেলে। খালাতো ভাই সামছু মিয়ার বাড়ি লিটন বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সামছু মিয়াকে পুলিশ আটক করেছে।
চকরিয়া (কক্সবাজার)
চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে গত সোমবার বিকালে অজ্ঞাতনামা (৪০) এক উপজাতি মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি)
কাঠালিয়ায় গত সোমবার রামপুর গ্রামে নমিতা রানী (২৪) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।