দাউদকান্দিতে ৬ জন ছিনতাইকারী গ্রেপ্তার
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
দুবাইগামী কাবিল হোসেন তার স্ত্রী আমেনা বেগমের সাহসিকতায় ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেয়েছেন এবং ৬ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। রবিবার রাতে দুবাই প্রবাসী কাবিল হোসেন একটি মাইক্রোতে সপরিবারে ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
তার মাইক্রো দাউদকান্দির গৌরীপুর (পেন্নই) বাসস্ট্যান্ডে এলে ছিনতাইকারীরা গতিরোধ করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে কাবিল হোসেনকে গাড়ি থেকে ছিনতাইকারীরা টেনে-হিঁচড়ে নামিয়ে তার দেড় লাখ টাকা মূল্যের হীরার আংটি খুলে নেয়ার চেষ্টাকালে কাবিল মিয়া ও ছিনতাইকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্ত্রী আমেনা বেগম সাহস করে ২ ছিনতাইকারীকে জাপটে ধরে চিত্কার দেয়।
তার চিত্কার শুনে টহলরত হাইওয়ে পুলিশ এগিয়ে এসে ২ ছিনতাইকারীকে আটক করে গৌরীপুর পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে আরো ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো:হোমনা উপজেলার দুর্গাপুর, ওপারচরসহ বিভিন্ন গ্রামের মাহবুব হোসেন (২৪), রিপন (১৮), আব্দুল হক (২০), দিদার হোসেন (১৮), আসাদউল্লাহ (২০), আব্দুর রহিম (২০) ও সালাউদ্দীন (১৯)। প্রবাসী কাবিল হোসেন বাদী হয়ে দাউদকান্দি থানায় ছিনতাই মামলা করেছেন।