এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আল্টিমেটাম

স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ পালন করেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সমাবেশস্থল থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ অক্টোবর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলী। সমাবেশ থেকে ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ৫ অক্টোবর সকল জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি এবং ৭ অক্টোবর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান ধর্মঘটসহ আমরণ অনশন কর্মসূচি পালন। এশারত আলী বলেন, সারাদেশের প্রায় সাড়ে ৭ হাজার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের দাবি বাস্তবায়নে ন্যূনতম আগ্রহ নেই। সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। মহাসমাবেশে বক্তারা চার দফা দাবি উত্থাপন করে আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।