রাজধানীতে আরো পাঁচটি সাব-রেজিস্ট্রি অফিস হচ্ছে

রাজধানীতে আরও পাঁচটি নতুন সাব-রেজিস্ট্রি অফিস স্থাপন করা হচ্ছে। অপরদিকে সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে বালাম বইয়ের সংকট চলছে। এ কারণে দলিল গ্রহীতারা দলিল পাচ্ছেন না। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, অচিরেই বালাম বইয়ের সংকটের সমাধান হবে। সোমবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ কথা জানান। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে আইন মন্ত্রী জানান, রাজধানীতে নতুন পাঁচটি সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলো হবে ধানমন্ডি, বিমানবন্দর, খিলক্ষেত, পল্লবী ও শ্যামপুরে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুমোদন পাওয়ার পরই অফিস স্থাপন করা হবে। হোসেন মকবুল শাহরিয়ার মন্ত্রীর নিকট জানতে চান, সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের যে সংকট চলছে তার সমাধান কবে নাগাদ হবে? জবাবে তিনি জানান, অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বালাম বই ছাপা ও বাঁধাই কাজ শেষ করে দ্রুত সরবরাহ করা হবে। বিজি প্রেস থেকে ধারাবাহিকভাবে বালাম বই সরবরাহ করা হচ্ছে। আর সৃষ্ট সংকটের সমাধান অচিরেই সম্ভব হবে বলে আশা করা যায়।