ত্বকী হত্যার বিচার দাবি ঢাবি শিক্ষকদের
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৮
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষক এ দাবি জানান। হত্যাকাণ্ডের ছয় মাস পেরিয়ে গেলেও ‘প্রকৃত অপরাধীরা’ ধরা না পরায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকরা।
নিখোঁজের দুদিন পর গত ৮ মার্চ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বীর ছেলে ত্বকীর লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদীর একটি খাল থেকে। এ হত্যার সাথে স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনীতিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ভীস্মদেব চৌধুরী, অধ্যাপক শাহাদাত্ হোসাইন, অধ্যাপক মো. মোশাররফ হোসাইন ভুঁইয়া, অধ্যাপক এসএম হাফিজুর রহমান, অধ্যাপক এমএম আকাশ, ড. শামসুল আলম, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক রোকেয়া সুলতানা, নিসার হোসেন, সাইফুর রশীদ, মিজানুর রহমান, এএমএম আরিফ বিল্লাহ।