বিশ্বজিত্ হত্যা মামলা

রিকলে সাক্ষ্য দিলেন ম্যাজিস্ট্রেট

বিশ্বজিত্ দাস হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। গত বছর ২৩ ডিসেম্বর এ মামলার আসামি মাহফুজুর রহমান নাহিদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ। এ বিষয়েই তিনি আদালতে সাক্ষ্য দেন। এর আগে আসামিপক্ষের আইনজীবীরা এ সাক্ষিকে ফৌজদারী কার্যবিধির ৫৪০ ধারা অনুযায়ী আদালতে পুনরায় (রিকল) সাক্ষ্য দিতে আসার জন্য আবেদন করেন। এর প্রেক্ষিতেই তিনি এ সাক্ষ্য দেন। এ নিয়ে মামলায় ৩০ জনের সাক্ষ্য শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. নুরুজ্জামান সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষিকে জেরা করেন। জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।