গাড়ি পোড়ানো মামলায় ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা দ্রুত বিচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও পল্টন থানার দ্রুতবিচার আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ড. খোন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৪২ জনের পক্ষে সময়ের আবেদন করা হয়।