মাওয়া-কাওড়াকান্দিতে ৭টি ফেরি বন্ধ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
প্রবল স্রোতের কারণে মাওয়ায় ফেরি চলাচল এখনও ব্যাহত হচ্ছে। বর্তমানে ৯টি ফেরি চলাচল করছে। বন্ধ রয়েছে অন্য ৭টি ফেরি। আর একারণে দুই পাড়ে ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানিয়েছেন, স্রোতের গতিধারা পরিবর্তন করে ফেরি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, বর্তমানে ২টি রোরো, ৩টি কে-টাইপ, ২টি ফ্ল্যাট ও ২টি মিডিয়াম ফেরি চলাচল করলেও স্রোতের কারণে চলতে পারছে অন্য ৭টি ফেরি। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় নদীর উভয় পাড়ে গাড়ি আটকা পড়েছে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার শামসুদ্দোহা জানিয়েছেন, স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে স্রোতের এ গতিধারা পরিবর্তন করতে বেশকিছু জাহাজ পদ্মায় আড়াআড়িভাবে বেঁধে নদীর স্রোতের গতিধারা অন্যদিকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। কোরবানি ঈদে মানুষের ঘরে ফেরা নিশ্চিত করতে যে কোন পরিস্থিতিতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুট সচল রাখা হবে।