বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

চাকরি স্থায়ীর দাবিতে উপাচার্য অবরুদ্ধ অনশন শুরু

চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা দাবিতে গতকাল মঙ্গলবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে আমরণ অনশন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা উপাচার্যের কার্যালয়ের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট পাঠানো পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত উপাচার্য তার কার্যালয়ে অবরুদ্ধ থাকবেন এবং আমাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। বেতন-ভাতা পরিশোধের দাবিতে সকালে শিক্ষকরা উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। দুপুরে ৬৭১ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী চাকরি স্থায়ীকরণ এবং বেতন-ভাতার দাবিতে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে যোগ দেন। এর আগে কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে। আন্দোলনকারীদের দাবি, চলতি মাসের বেতনসহ ৫ মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা উপাচার্যকে তার কক্ষ থেকে বের হতে দেবেন না। তারা উপাচার্যের চেম্বারের ভেতরে ও দরজার সামনে অবস্থান করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। তাদের অভিযোগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী চলতি বছরের মে মাসে উপাচার্য হিসেবে যোগদান করেছেন। এরপর থেকে ৫ মাস অতিবাহিত হতে চলেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো বেতন-ভাতা পাননি।