চট্টগ্রামে শ্বাসরোধ করে পোশাক শ্রমিককে হত্যা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৩
নগরীর ইপিজেড থানার নিউমুরিং এলাকায় শারমীন আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিককে গলাটিপে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে বাসার দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দাম্পত্য কলহের জের ধরে তার স্বামী গত সোমবার রাতে তাকে গলাটিপে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত শারমীন নোয়াখালী জেলার কবিরহাট এলাকার ইন্দ্রপুর গ্রামের আবুল কালামের মেয়ে। তিনি চট্টগ্রাম ইপিজেডে জিবি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। একই কারখানার কর্মী বাপ্পীর সাথে ২ মাস আগে তার বিয়ে হয়। শারমীনের মৃত্যুর পর থেকে বাপ্পী পলাতক রয়েছেন।