এবারও বিএনপির প্রতিক্রিয়া নেই

মানবতাবিরোধী অপরাধের রায় সম্পর্কে এবারও কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের পর গতকাল মঙ্গলবার বিএনপির নেতারা কেউ এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার পর গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন তার প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায়কে ‘একটি ভুল রায়’ বলে দাবি করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। তবে তারা কেউ রায় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে মওদুদ আহমদ বলেন, এ রায় সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য নেই। বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ ব্যাপারে আমাদের দলের প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। উল্লেখ্য, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলার রায় হয়েছে। সব রায়েই বিএনপি কোনো প্রতিক্রিয়া দেয়নি।