অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে হরতাল
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
রাজনৈতিক অস্থিরতা ও হরতালে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। গতকাল গণমাধ্যমে পাঠানো এসব সংগঠনের পক্ষ থেকে আলাদা বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশ সফর করছে রাশিয়ার একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। এছাড়া উত্তর আমেরিকার তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি বা অ্যালায়েন্সও বাংলাদেশ সফর করছে। এই অবস্থায় হরতাল তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে। এফবিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, ঘন ঘন হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি এবং সংঘাত ও সংঘর্ষের রাজনৈতিক সংস্কৃতি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
বিচারাধীন বিষয়গুলো আইনগতভাবে মেকাবেলা করার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। অন্যদিকে বিজিএমইএ ও বিকেএমইএ-এর পক্ষ থেকে বলা হয়, আগামী দুইদিন (আজ ও আগামী কাল) আবারও হরতাল পালন করা হলে তা শিল্পকে আরো ক্ষতির মুখে ঠেলে দিবে। এর ফলে বিদেশি ক্রেতার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরিরও আশঙ্কা করা হয়।
সম্প্রতি উত্তর আমেরিকার ক্রেতাদের জোট বাংলাদেশ সফর করছেন। সফরকালে তারা বাংলাদেশের কারখানা উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে সাক্ষাত করছেন। তাজরীন ও রানা প্লাজার দুর্ঘটনার পর এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন এ খাতের সংশ্লিষ্টরা। এই অবস্থায় হরতালের মতো পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মনে করেন পোশাক খাতের উদ্যোক্তারা।